নরসিংদীতে পাওনা পরিশোধ না করেই হামিদ ফেব্রিক্স বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ


বেঙ্গল টাইম টিভি প্রকাশের সময় : জুন ২২, ২০২৫, ৬:০২ অপরাহ্ন / ০
নরসিংদীতে পাওনা পরিশোধ না করেই হামিদ ফেব্রিক্স বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

 

মোঃ রাসেল’ নিজস্ব প্রতিবেদকঃ বকেয়া বেতন-বোনাসসহ সকল প্রকার পাওনা পরিশোধ না করেই নরসিংদীর পাঁচদোনায় প্রতিষ্ঠিত হামিদ ফেব্রিক্স বন্ধের ঘোষণায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শ্রমিক কর্মচারীরা।

আন্দোলনের অংশ হিসাবে রোববার (২২ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিকদের এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কারখানার শ্রমিকরা জানায়, নরসিংদী সদর উপজেলার শিলমান্দি হামিদ ফেব্রিক্স লিমিটেড” এর শ্রমিক-কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ না দিয়ে কারখানা বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা এই মানববন্ধন করেন।

সকাল ১১টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কয়েকশত শ্রমিক মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে শ্রমিকরা বলেন, শরীরের রক্ত পানি করে অর্থ অর্জন করেছি আর সেই অর্থ মালিক লুটে নিবে তা হতে পারে না। আমাদের পরিশ্রমের অর্থ আদায়ের জন্য রাস্তায় নেমেছি জেলা প্রশাসক পাওনা পরিশোধের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছি কিন্তু ফল কিছুই হয়নি। এভাবে একের পর এক আশ্বাসে মালিক পক্ষ এখন মিল বন্ধ করে পালিয়েছে। এদিকে আমরা ধার দেনা করে খেয়ে না খেয়ে দিন পার করেছি। বাসা ভাড়া, দোকান বাকি পরে আছে মাসেরপর মাস তা কিভাবে পরিশোধ হবে। শুধু তাই নয়, বাড়ি যাওয়ার জন্য ভাড়া টাকা পর্যন্ত নেই, বাড়িতে ছেলে মেয়েদের জন্য কিছু নেব তার টাকাও নেই। মরন ছাড়া গতি নেই। তাই যত দ্রুত সম্ভব আমাদের পাওনা পরিশোধ করা হোক না হয় গায়ে কাফনের কাপড় পড়ে ঢাকা- সিলেট মহা সড়ক অবরোধ করবো।

মানববন্ধনে শ্রমিকেরা আরও জানায়, জেলা প্রশাসনের মাধ্যমে তাদের দাবি আদায়ে হস্তক্ষেপ কামনা করেন এবং কারখানা কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে সকল বকেয়া পরিশোধের আহ্বান জানান। নতুবা তাদের পাওনা পরিশোধে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে।