নরসিংদীর রায়পুরায় শহীদ আবু সাঈদের নামে স্কুলের নামকরণ


বেঙ্গল টাইম টিভি প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৫, ১২:৫২ অপরাহ্ন / ০
নরসিংদীর রায়পুরায় শহীদ আবু সাঈদের নামে স্কুলের নামকরণ

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরার একটি স্কুলকে শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা হয়েছে।
আজ সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা এ নামকরণের শুভ উদ্বোধন করেন। উক্ত স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও রায়পুরা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু দীপক দত্ত এর সভাপতিত্বে ও উক্ত স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান শাহীন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।

জানাগেছে,২০১৪ সালে নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দার উত্তরপাড়া গ্রামে তৎকালীন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা রাজিউদ্দিন আহমেদ রাজু তার মা আশরাফুন্নেছার নামে “আশরাফুন্নেছা পাবলিক স্কুলটি” প্রতিষ্ঠা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, পূর্বের নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়টি এখন থেকে “শহীদ আবু সাঈদ স্কুল” নামে পরিচিতি বহন করবে। তিনি আরো বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের নাম অমর করে রাখতে এ শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। শহীদ আবু সাঈদ দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সাহসী কণ্ঠস্বর ছিলেন। তার আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এই বিদ্যালয়ের নামকরণটি স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসীর জন্য গৌরবের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন,উপজেলা কেন্দ্রীয় মিলন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সবুজ নন্দী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। পরে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শহীদের জীবন ও সংগ্রামের গল্প তুলে ধরা হয়।