আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না : ড. মঈন খান


বেঙ্গল টাইম টিভি প্রকাশের সময় : জুন ৭, ২০২৫, ৬:৪০ অপরাহ্ন / ০
আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না : ড. মঈন খান

 

নরসিংদী প্রতিনিধিঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, আমাদের প্রতিবেশি, ভাই বন্ধু তারা যদি কষ্টে থাকে তাহলে ঈদের আনন্দ উদযাপন সম্পন্ন হবে না। ইসলামের শিক্ষা হলো আমরা একে অপরে আনন্দকে ভাগাভাগি করে নিবো, অংশীদার হবো এবং একে অপরের কষ্টটাকেও ঠিক একই ভাবে ভাগাভাগিকরে নিবো। ইসলামের এই যে শিক্ষা, ভাতৃত্ববোধ, সাম্যের শিক্ষা তা আমাদের মেনে চলতে হবে। হযরত ইব্রাহিম (আ:) এর সময়ে বহু বছর আগে তাঁর জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটিকে মহান আল্লাহ তায়লার কাছে আত্মদান করতে বলা হয়েছে। সেখান থেকেও আমাদের শিক্ষা নিতে হবে।

আজ শনিবার (৭ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল আজহার নামাজ আদায় শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, অর্থ, বিত্ত, বৈভব, প্রিয়জন মানুষের জীবনে সবকিছু নয় এই শিক্ষা ইসলাম আমাদের দিয়েছে। আমরা ঘোড়াশাল-পলাশে আগেও দৃষ্টান্ত স্থাপন করেছি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা একে অপরের ভাই হিসেবে এখানে শান্তিতে বসবাস করি।কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে অন্যায়কে আমরা প্রশ্রয় দিবো না, সহ্য করবো না, কোন ধরনের দুর্নীতিকে আমরা সহ্য করবো না। এখানে আইনের যে শাসন সেটা প্রতিষ্ঠিত হতে হবে, শান্তির জীবন যাপনের পদ্ধতি ও শান্তির সমাজ ব্যবস্থা সেটাকে আমরা সঠিকভাবে প্রতিষ্ঠিত করবো তাই আসুন ইসলাম আমাদের যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা সত্যিকার মানুষ হিসেবে একে অপরের সাথে সুন্দরভাবে বসবাস করবো।

এসময় আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো: আবু বকর সিদ্দিকী, উপজেলা বিএনপির সভাপতি এম সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।