

নরসিংদী প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে তাদের নেতা-কর্মীরা যা শুরু করে দিয়েছে, ক্ষমতায় গেলে কত ধানে কত চাল জনগণ তা হারে হারে বুঝতে পারবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার বিএডিসি বাসস্ট্যান্ড মোড়ে ইসলামী আন্দোলন পলাশ শাখা আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ফয়জুল করীম বলেন, ‘বিএনপিসহ বিগত সময়ে যেসব দল ক্ষমতায় ছিল তারা কেউই দেশের উন্নতি করেনি। তারা উন্নয়নের নামে শুধু লুটপাট আর দুর্নীতি করেছে।
তিনি আরও বলেন, ‘বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃত পক্ষে তারা বিরোধী দলকে সহ্য করতে পারে না।দেশে শান্তি, শৃঙ্খলা ও জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আগামী নির্বাচনে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানান ফয়জুল করীম।
ইসলামী আন্দোলনের নরসিংদী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলা সেক্রেটারি রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী শাকিল, পলাশ উপজেলা শাখার সভাপতি সোলায়মান ভূইয়া, সাধারণ সম্পাদক ইকরাম হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :