জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন


বেঙ্গল টাইম টিভি প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৫, ৯:৫০ পূর্বাহ্ন / ০
জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

 

 মোঃ রাসেল, নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী রেলওয়ে স্টেশনে “নরসিংদী কমিউটার ট্রেন” এর যাত্রাবিরতির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৩ জুন) দুপুরে রেলওয়ে স্টেশনটির প্ল্যাটফর্মে এ মানববন্ধনে অংশ নেন জিনারদী, পাঁচদোনা ও শীলমান্দী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।

মানববন্ধনে বক্তারা বলেন, জিনারদী রেলওয়ে স্টেশন থেকে ঢাকায় সরবরাহ করা হয় কলা, আনারস ও সবজি। এছাড়াও চাকুরীজীবি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এই এলাকা থেকে নিয়মিত যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে নরসিংদী কমিউটার ট্রেনটি চালু হলেও জিনারদী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেওয়া হয়নি।

বক্তারা আরও বলেন, নরসিংদী কমিউটার ট্রেনটি চালু হওয়ার পর থেকেই শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আমরা জিনারদী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির দাবি তুলেছিলাম। তারপরও তারা যাত্রাবিরতি কার্যকর করেনি। তাই আবারও রেলপথ মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করে ট্রেনটির যাত্রাবিরতির দাবীতে আজ জিনারদী রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছি। এ স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি দিলে জিনারদী, পাঁচদোনা ও শীলমান্দী ইউনিয়নের মানুষের ব্যবসা বানিজ্যসহ জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় বক্তব্য রাখেন, পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমেদ খান, যুগ্ম আহবায়ক মাসুদ খান, জিনারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, জিনারদী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাজিউদ্দিন আহমেদ রাজু। পাঁচদোনা ইউনিয়ন যুবদল সভাপতি কালাম গাজী, নাসির মাস্টার ও নিরুজ্জামান ইমনসহ স্থানীয়রা।