শিবপুরে জেল পলাতক কুখ্যাত ডাকাত সর্দার গ্রেপ্তার

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে একাধিক মামলার আসামী জেল পলাতক আতিকুল ইসলাম ভূইয়া (৩০) কে শুক্রবার (৯ মে) দিবাগত রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গোলাকান্দাইল থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে এ তথ্য জানান শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন।

এছাড়াও জুলাই গণ-অভ্যুত্থানের সময় নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যায় সে। এরপর থেকে সে পলাতক ছিল।

আতিকুল ইসলাম উপজেলার বাঘাব ইউনিয়নের লামপুর গ্রামের হান্নান ভূইয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে নরসিংদীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

প্রবাসী লুৎফর রহমান জানান, গত ১ মে আমি সিঙ্গাপুর থেকে বাড়িতে আসি। ৪ মে মধ্যরাতে ১০/১২ জনের একটি ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে সিঙ্গাপুর থেকে নিয়ে আসা বিভিন্ন পন্যসামগ্রীসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

পুলিশ জানায়, গত ৪ মে রোববার মধ্যরাতে শিবপুর উপজেলার লামপুর গ্রামে সিঙ্গাপুর প্রবাসী লুৎফর রহমানের বাড়িতে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করে। এসময় সিঙ্গাপুর থেকে নিয়ে আসা স্বর্ণালংকার, মোবাইলসহ প্রায় ২৫ লাখ টাকার পণ্যসামগ্রী লুট হয়।

ঘটনার পরদিন প্রবাসীর পিতা রুহুল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলা সূত্রে কুখ্যাত ডাকাত সর্দার আতিকুলকে রুপগঞ্জের গোলাকান্দাইল থেকে গ্রেপ্তার করলে সিঙ্গাপুর প্রবাসী লুৎফর রহমানের বাড়িতে ডাকাতি করার কথা স্বীকার করে সে। এসময় তার কাছ থেকে ডাকাতি হওয়া সাবান, পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, বাঘাব ইউনিয়নে লামপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী লুৎফর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনায় কুখ্যাত ডাকাত সর্দার আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সে জেল পলাতক ছিল। তাকে শনিবার আদালতে পাঠানো হয়েছে। লুট হওয়া অন্যান্য মালামাল উদ্ধার এবং বাকি ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।